জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও পারিবারিক জীবনের বিভিন্ন ছবি, বক্তব্য, আদর্শ এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডিসপ্লে বোর্ড, ব্যানার, কাট আউট ইত্যাদি স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাপত্র, বাংলাদেশের নামকরণসহ বিভিন্ন ইতিহাসও তুলে ধরা হয়েছে। এ বিষয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, এসব ডিসপ্লে বোর্ডের মাধ্যমে নগরবাসী জাতির পিতার বিভিন্ন সময়ের রাজনৈতিক কর্মকাণ্ড এবং বক্তব্য সম্পর্কে জানতে পারবেন। বঙ্গবন্ধুর জীবনের সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস জানাতে হলে বঙ্গবন্ধুর ইতিহাস আগে জানতে হবে। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শকে তুলে ধরতেই এ প্রয়াস।