রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময় পাচ্ছে রাজনৈতিক দলগুলো। বিএনপিসহ পাঁচটি রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২০১৯ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় বাড়াল ইসি। আগামী দুই-এক দিনের মধ্যেই দলগুলোকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
২০০৮ সাল থেকে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) মেনে প্রতি বছর আর্থিক লেনদেনের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর। বর্তমানে ইসিতে ৪১টি দল নিবন্ধিত রয়েছে। গত ৩১ জুলাইয়ের মধ্যে আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার অনুরোধ জানিয়ে দলগুলোর সাধারণ সম্পাদক/মহাসচিব বরাবর তাগিদ দেওয়া হয়। এবার ৩১ জুলাই ঈদের ছুটি ছিল। তাই আইন অনুযায়ী, ঈদের ছুটি শেষে গত ৩ আগস্ট প্রথম সরকারি কর্মদিবস ছিল হিসাব জমা দেওয়ার শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে ৩৬টি রাজনৈতিক দল আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। এবার যেসব দল হিসাব জমা দিয়েছে সেগুলোর মধ্যে আওয়ামী লীগ সঞ্চয় সবচেয়ে বেশি দেখিয়েছে। দলটির তহবিল অর্ধশত কোটি টাকা ছাড়িয়ে গেছে। আরপিও অনুযায়ী নিবন্ধিত কোনো দল পরপর তিন বছর কমিশনে আর্থিক প্রতিবেদন দিতে ব্যর্থ হলে নিবন্ধন বাতিলের এখতিয়ার রয়েছে ইসির।