প্রত্যক্ষদর্শীদের বর্ণনা শুনল র্যাবের তদন্ত দল

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যাকাণ্ডের ঘটনাস্থল টেকনাফ বাহারছড়া পরিদর্শন করেছে মামলার নতুন তদন্ত কর্মকর্তাসহ (আইও) র্যাবের একটি দল। গতকাল শনিবার বাহারছড়ার শামলাপুর এপিবিএন পুলিশের চেকপোস্ট পরিদর্শন করেন তদন্ত দলের প্রতিনিধিরা। এ সময় তাদের দেখে এগিয়ে এলে তদন্ত দল প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ করে।

মামলার তদন্ত কর্মকর্তা র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক এ এস পি খাইরুল ইসলামের নেতৃত্বে র্যাবের দলটি ঘটনাস্থলে ঘণ্টা দেড়েক অবস্থান করেন। এ সময় তদন্ত কর্মকর্তা বলেন, ‘কোনো অপরাধী যেন ছাড়া না পায় সেভাবে খতিয়ে দেখা হচ্ছে। আমরা কোনো পক্ষের না। প্রকৃত ঘটনা তুলে আনার জন্য কাজ করছি।’ স্থানীয়রা জানান, তদন্ত দল ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলেন। এতে এক প্রত্যক্ষদর্শী, এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে সিনহার মরদেহ মাটিতে কীভাবে পড়েছিল সেটির বর্ণনা দেন। বক্তব্যের সঙ্গে মিলিয়ে ইট দিয়ে শরীরের অবয়ব তৈরি করে ঘটনার সময় সিনহার অবস্থান বুঝার চেষ্টা করেন র্যাবের নতুন তদন্ত কর্মকর্তা। এ সময় একটি প্রাইভেট কার দাঁড় করিয়ে সিনহা রাশেদের প্রতীকী অবস্থান তৈরি করেন। পরিদর্শনকালে তদন্তকারী দলটি নানা তথ্য সংগ্রহ করে।

বাহারছড়া ইউনিয়ন চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দীন বলেন, ‘মেরিন ড্রাইভে বাহারছড়ায় এপিবিএন-এর চেকপোস্ট র্যাবের একটি দল পরিদর্শন করেন। এ সময় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন তারা।’ প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত ১০টার দিকে শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন (অব.) সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান।