বাইডেনের আমেরিকায় কেউই সুখী হতে পারবে না :ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচনে আবারও তাকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, তিনিই হচ্ছেন বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে যোগ্য প্রেসিডেন্ট। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন যদি প্রেসিডেন্ট হন, তবে তার শাসনে দেশের মানুষ সুখী হতে পারবে না। কোনো মানুষ নিরাপত্তা পাবে না। নিউ ইয়র্ক সিটি পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি গতকাল এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, অনেকে আমাকে খারাপ বলে। বিশেষ করে কিছু মিডিয়া আছে আমার পিছে লেগে থাকে। আমি পরিষ্কার করে বলছি, আমার মতো মানুষকে যদি কেউ খারাপ বলে তবে বাইডেনকে আরো খারাপ বলতে হবে। তিনি কীভাবে মানুষের মঙ্গল করতে হয় সেটা জানেন না। আর তার রানিংমেট কমলা হ্যারিস তো আরো খারাপ। ট্রাম্পের দাবি, ভারতীয় বংশোদ্ভূত হলেও কমলার পেছনে যত ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের সমর্থন আছে, তার নিজের পেছনে তার চেয়ে বেশি আছে।

ট্রাম্প পুলিশ সদস্যদের সামনে দাবি করেন, বাইডেন প্রেসিডেন্ট হলে একের পর এক পুলিশবিরোধী আইন পাশ করবেন। তাই তাকে পুলিশের স্বার্থবিরোধী মানুষ বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে কমলাকেও একই অভিযোগে অভিযুক্ত করেন। তবে নিজের বক্তব্যের সমর্থনে কোনো প্রমাণ উপস্থাপন করেননি মার্কিন প্রেসিডেন্ট।

নভেম্বরে আসন্ন নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন   জরিপে ট্রাম্পের চেয়ে বাইডেনের সমর্থন বেশি দেখা যাচ্ছে। তবে ট্রাম্প এসব জরিপে বিশ্বাস করেন না বলে জানান। তিনি বলেছেন, আগের নির্বাচনেও অসংখ্য জরিপের ফল তার বিরুদ্ধে ছিল। কিন্তু শেষ হাসি তিনিই হেসেছিলেন। —সিএনএন