জাতির জনককে মেনে নিয়েই সবার রাজনীতি করা উচিত -----------------জি এম কাদের

জাতীয় পার্টি (জাপা) চেয়াম্যান জি এম কাদের বলেছেন, জাতির জনক কোনো দল বা গোষ্ঠীর হতে পারে না। জাতির জনক সব দলের, সব মানুষের। আজকে যারা রাজনীতি করছেন, সবারই উচিত জাতির জনককে মেনে নিয়ে রাজনীতি করা। তার অবদানকে স্বীকার করেই রাজনীতি করতে হবে। গতকাল শনিবার জাপা চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জি এম কাদের বলেন, বঙ্গবন্ধু আন্দোলন-সংগ্রামের রোল মডেল, তার আদর্শ সকল প্রেরণার উত্স। তার জীবনী অনুসরণ করলে সকল সমস্যার সমাধান পাওয়া সম্ভব।

আলোচনা সভায় জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, জাতির জনকের প্রশ্নে কোনো বিতর্ক নেই। তিনি দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়ে কিংবদন্তি নেতা হয়েছেন। বঙ্গবন্ধু পৃথিবীর ইতিহাসে অনন্য নেতা। সারাবিশ্বে অনেক নেতার জন্ম হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর ডাকে বাঁশের লাঠি নিয়ে ট্যাংকের সামনে দাঁড়িয়েছে বাঙালিরা। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জাপার কোচেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও মুজিবুল হক চুন্নু, সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, আজম খান, শামীম হায়দার পাটোয়ারী, রেজাউল ইসলাম ভূঁইয়া, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন প্রমুখ।