প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বঙ্গবন্ধু আজীবন বাঙালি জাতির মুক্তির জন্য সংগ্রাম করেছেন। মাত্র সাড়ে তিন বছরেই সদ্য স্বাধীন বাংলাদেশের উন্নয়নে অনেক কিছু করে গেছেন। বঙ্গবন্ধু আমাদেরকে দেশের মাটি ও মানুষকে ভালোবাসতে শিখিয়ে গেছেন। আমরা যদি তার আদর্শ ও চেতনা বাস্তবায়নে আত্মনিয়োগ করি তাহলেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।
জাতীয় শোক দিবস ২০২০ এবং জাতির পিতার ৪৫-তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে গতকাল শনিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক অনলাইন আলোচনা সভায় তিনি একথা বলেন। সভার শুরুতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
অতিথি বক্তা ড. নাসরীন আহমদ বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির জন্য জীবনের অধিকাংশ সময় জেলে কাটিয়েছেন। কিন্তু স্বাধীনতার প্রশ্নে আপস করেননি। তিনি সবাইকে জাতির পিতার আদর্শ ও মূল্যবোধকে নিজেদের মধ্যে ধারণ করার আহ্বান জানান।