গতকাল শনিবার ছিল ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ। দুপুর ১টায় সীমান্তের চেকপোস্ট গেটে এই শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। এ সময় ভারতের হিলি বিএসএফের ক্যাম্পের কমান্ডার শ্রী বলেরাও সিং বাংলাদেশের হিলি সিপি ক্যাম্পের সুবেদার ইলিয়াস আলীর হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পক্ষান্তরে বিজিবির পক্ষ থেকেও মিষ্টি উপহার দিয়ে বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়।
বিজিবির হিলি সিপি ক্যাম্পের সুবেদার ইলিয়াস আলী জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। বিএসএফও আমাদেরকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।
এদিকে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস রহমান টিটো সাংবাদিকদের জানান, সীমান্তে সৌহার্দ সম্প্রতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উত্সবে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানাই। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে তিনি মনে করেন।