আওয়ামী লীগ যারা মনে প্রাণে করে, তারা সর্বকালেই সম্মানিত হয়েছেন: শিবলী সাদিক এমপি

দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক বলেছেন, ‘আওয়ামী লীগ যারা মনে প্রাণে করে তারা সর্বকালেই সব সময়ের জন্য সম্মানিত হয়ে এসেছেন। আজকে আওয়ামী লীগ করা খুব সহজ। এখন আওয়ামী লীগ করতে কোন কষ্ট লাগে না। আওয়ামী লীগ যে করে তার শুধু সুখেই সুখ। কিন্তু আজকের এই আওয়ামী লীগ সেদিন কিন্তু সে রকম ছিল না। যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়ে গেছেন।

শনিবার বিকাল সাড়ে ৫টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ এই শোকসভার আয়োজন করে।

আরও পড়ুন: করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশন 

শিবলী সাদিক আরও বলেন, ‘আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, আওয়ামী লীগ এমন একটা শব্দ যে শব্দটার জন্য কোন পদ-পদবির দরকার হয় না।’ 

উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা নিজাম উদ্দীনের সভাপতিত্বে এসময় সেখানে উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহীন, ওসি ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক, শোকসভা উদযাপন কমিটির আহ্বায়ক আশরাফ আলী প্রধানসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে উপস্থিত নেতা-কর্মীদের মাঝে এক হাজার বনজ ও ফলদ ওষধি গাছের চারা বিতরণ করা হয়।

ইত্তেফাক/এএএম