কোম্পানীগঞ্জে নিখোঁজ ৩ পর্যটকের লাশ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীতে নিখোঁজ হওয়া ৩ পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার রাতে নজরুল ইসলাম স্বপন (৩৬), রবিবার সকালে ওমান প্রবাসী মো. আনোয়ার হোসেন (৩২) ও দুপুর সাড়ে ১২টায় মাদ্রাসাছাত্র মেহেদী হাসানের (২০) লাশ উদ্ধার করা হয়।

নজরুল ইসলাম স্বপন বসুরহাট বাজারের ব্যবসায়ী এবং ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। ওমান প্রবাসী আনোয়ার হোসেন একই এলাকার সাহাব উদ্দিনের ছেলে। মাদ্রাসা শিক্ষার্থী মেহেদী হাসান একই বাড়ির শাহ আলমের ছেলে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর ও কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার জামির মিয়া জানান, নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। 

শনিবার বেলা ১১টার দিকে কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারের ছোট ফেনীতে ২৭ জন পর্যটক বেড়াতে আসেন। পরে তাদের মধ্য থেকে সাতজন শখ করে ঝাঁকি ঝাল দিয়ে ছোট ফেনী নদীতে মাছ ধরতে নামে। হঠাৎ জোয়ারের পানিতে তিনজন তলিয়ে যায়। 


ইত্তেফাক/ইউবি