বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা মা ও মেয়ের

ফরিদপুরের সালথায় স্ত্রী ও কন্যার বিরুদ্ধে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের গুপিনাথপুর বাইটকেমারি গ্রামে এ ঘটনা ঘটে। বাবা নওশের আলী শেখকে (৬৫) হত্যার ঘটনায় পুলিশ স্ত্রী ও কন্যাকে আটক করেছে। এদিকে নিহতের ছেলে আশরাফ আলী শেখ বাদি হয়ে তার মা ও বোনের বিরুদ্ধে সালথা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে শনিবার রাত ৯টার দিকে নওশের আলীকে তার স্ত্রী মর্জিনা বেগম (৫২) ও কন্যা নাদিরা বেগম (২৬) বেধড়ক মারপিট করে। এতে বৃদ্ধ নওশের আলী গুরুতর আহত হয়। পরে আহতবস্থায় আলফাডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া বাড়িতে উঠলেন সেই নাজিম উদ্দিন

খবর পেয়ে সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুব্রত গোলদার ঘটনাস্থলে গিয়ে মর্জিনা বেগম ও নাদিরা বেগমকে আটক করেন। 

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, নওশের আলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এসি