‘ফুটবল বাঁচাবে কে? শীর্ষক একটি প্রতিবেদন আজ ১৬ আগস্ট দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনের প্রতিবাদ পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাফুফের প্রতিবাদের অংশ বিশেষ তুলে দেওয়া হলো, ‘‘প্রতিবেদক জনাব সাইদুল ইসলাম রিপোর্টে উল্লেখ করেন ‘সরকারের বরাদ্দ ২০ কোটি টাকার মধ্যে ১০ কোটি টাকা বাফুফে খরচ করতে পারলেও তার সঠিক হিসাব দিতে না পারায় বাকি টাকা আটকে দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়’ যা সম্পূর্ণ মিথ্যা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বরাদ্দকৃত ২০ কোটি টাকার সম্পূর্ণটাই বাফুফে বরাদ্দ পেয়েছে এবং গৃহীত ১ম কিস্তির ১০ কোটি টাকার সঠিক হিসাবও দিয়েছে। প্রতিবেদনে উল্লেখ রয়েছে ‘বাফুফের বিভিন্ন স্তরে যেসব ফুটবল সংগঠক রয়েছেন তাদের অধিকাংশই এখন ফুটবলজীবী। অন্য কোন পেশা তাদের না থাকলেও ফুটবল দিয়ে তাদের জীবিকা ঠিকই চলছে। বাফুফেতে এমন কিছু কর্মকর্তা আছেন যাদের নিয়মিত বাজার খরচ বাফুফে থেকে ম্যানেজ হচ্ছে. যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বাফুফেতে স্থায়ী, অস্থায়ীভিত্তিতে নিয়োগপ্রাপ্তরাই শুধু বেতন পেয়ে থাকে। আর কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হয়ে আসা কার্যনির্বাহী পর্ষদ পুরো বাফুফের সিদ্ধান্ত নিয়ে থাকেন। তারা সবাই সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ।’’
প্রতিবাদের আরও বলা হয়, ‘‘ফুটবলের রক্তক্ষরণের বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হলেও প্রকৃত সত্য হচ্ছে। প্রতিবছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, প্রথম বিভাগ ফুটবল লিগ এবং মহিলা ফুটবলের বিভিন্ন ইভেন্টের মাধ্যমে বছরজুড়ে ফুটবল খেলা দেশব্যাপী আয়োজিত হচ্ছে।’’
ইত্তেফাক/এএম