কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের বেড়বাড়ি গ্রামে কাঠের তৈরি সাঁকোটির মাঝখানে পাটাতন ভেঙে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে এলাকার মানুষ। বন্যার পানিতে বাঁশের খুঁটিও নষ্ট হয়ে যাচ্ছে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার করছে স্থানীয় বাসিন্দারা। যে কোনো সময় সাঁকোটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী। জানা যায়, এই সাঁকো দিয়ে প্রতিদিন বেড়বাড়ি, কুমড়াবাড়ি, নয়াপাড়া, চকপাড়া এবং পার্শ্ববর্তী সখীপুর উপজেলার নোহালীচালা ও জয়নাতৈল গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। নাগবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান সিদ্দিকী মিল্টন দ্রুত সাঁকোটি সংস্কার করার আশ্বাস দেন।