বরিশাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের প্রত্যেকের শাস্তি নিশ্চিতকরণ এবং তাদের কুশীলবদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

শনিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত ঐতিহাসিক ছয় দফার ইতিহাস সম্বলিত বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন ঐ আহ্বান জানান। এ সময় তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এরপর পুষ্পস্তবক অর্পণ করে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, গ্রেড ১১-১৬ ও গ্রেড ১৭-২০ কল্যাণ পরিষদ, বঙ্গবন্ধু হল, শেখ হাসিনা হল, শেরে বাংলা হল প্রশাসন এবং ববিতে কর্মরত মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন উত্তরাধিকার।