রাজশাহীতে করোনা আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়াল

রাজশাহী জেলা ও মহানগরীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যানে জেলায় ৪ হাজার ১৭ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৩২৬ জন ইতিমধ্যে সুস্থও হয়েছেন। এছাড়া এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৩২ জন। রবিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, রাজশাহী বিভাগে শনিবার পর্যন্ত ১৫ হাজার ৫৪৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০ হাজার ২১৩ জন সুস্থও হয়েছেন। এছাড়া হাসপাতালে চিকিত্সাধীন আছেন ১ হাজার ৫৯০ জন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন।