ব্রাহ্মণবাড়িয়ায় সেতুর টোল আদায়ের সিদ্ধান্ত বাতিল না হলে পরিবহন ধর্মঘট!

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর সেতুর টোল আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সেতুর টোল আদায়ের সিদ্ধান্ত বাতিল না হলে পরিবহন ধর্মঘট ডাকা হবে বলে জানানো হয়। এছাড়া সংবাদ সম্মেলনে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধেরও দাবি জানান পরিবহন ব্যবসায়ীরা। সংবাদ সম্মেলনে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দিন জমশেদ, কোষাধ্যক্ষ কাউসার আহমেদ, জেলা লোকাল বাস পরিচালনা কমিটির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক নিয়ামত খান, শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।