যুব দলের ক্যাম্প

প্রথম দিনে ২৭ জনের করোনা পরীক্ষা

আইসিসি ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল গঠনের কাজ শুরু করেছে বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগ। প্রাথমিক দলে ডাক পাওয়া ৪৫ ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে চার সপ্তাহের আবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হবে। ২৩ আগস্ট শুরু হতে চলা ক্যাম্পে যাওয়ার আগে যুবাদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। করোনাকাল বলেই পূর্ব সতর্কতা হিসেবে গতকাল থেকে যুবাদের করোনা পরীক্ষা শুরু করেছে বিসিবি।

প্রাথমিক দলের ক্রিকেটাররা তিন ভাগে করোনা পরীক্ষা দেবেন। গতকাল প্রথম ভাগে ১৫ ক্রিকেটারের করোনা পরীক্ষা করা হয়। ১৮, ২০ আগস্ট বাকি দুই ভাগের ক্রিকেটাররা করোনা পরীক্ষায় অংশ নেবেন।

গতকাল প্রথম দিনে মোট ২৭ জনের (১৫ ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফ) করোনা পরীক্ষা করা হয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পাবে বিসিবি মেডিক্যাল বিভাগ। যাদের রিপোর্ট নেগেটিভ আসবে, তাদেরকে আজই পাঠিয়ে দেওয়া হবে বিকেএসপিতে। আর রিপোর্ট পজিটিভ হলে বিসিবির ব্যবস্থাপনায় আইসোলেশনে রাখা হবে।

এই করোনা পরীক্ষার প্রক্রিয়াটা শুরু হয়েছে আরো এক সপ্তাহ আগে। যার অংশ হিসেবে গত সাত দিন নিজ নিজ বাসায় আইসোলেশনে ছিলেন ক্রিকেটাররা। আইসোলেশন থেকে গত ১৫ আগস্ট বিসিবি একাডেমি ভবনে রিপোর্ট করেছেন যুবারা। দ্বিতীয় ভাগের ক্রিকেটাররা আজ একাডেমি ভবনে রিপোর্ট করবেন।

যুবাদের কোভিড-১৯ পরীক্ষা করা প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী গতকাল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আজকে (গতকাল) আমরা ২৭ জনের কোভিড টেস্ট করিয়েছি। ধারাবাহিকভাবে আমরা প্রায় ৬৫ জনের মতো ক্রিকেটারের টেস্ট করব। এই ২৭ জনের মধ্যে ১৫ জন ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্টাফ। আজকে (গতকাল) যারা টেস্ট করল কালকের (আজ) মধ্যে তাদের সবার রিপোর্ট পাব। যদি নেগেটিভ থাকে তাহলে কালকেই (আজ) এরা বিকেএসপিতে চলে যাবে। আর কেউ পজিটিভ হলে তাদের আমাদের ব্যবস্থাপনায় আইসোলেশনে রাখব।’

যুবাদের দিয়েই বাংলাদেশের ক্রিকেটে আনুষ্ঠানিকভাবে করোনা পরীক্ষার পর্ব শুরু হলো। এরপর শ্রীলঙ্কা সফরগামী বাংলাদেশ জাতীয় দল, এইচপির ক্রিকেটারদেরও করোনা পরীক্ষা হবে।