যে কারণে বাইডেনের রানিং মেট কমলা

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিসকে তার রানিং মেট (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্য নিয়ে উত্তেজনার মধ্যে কৃষ্ণাঙ্গ কোনো নারীকে রানিং মেট করেছেন তিনি। ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের বড় দুই দল থেকে মনোনয়ন পাওয়া তৃতীয় নারী কমলা হ্যারিস। এর আগে এ পদে মনোনয়ন পেয়েছিলেন গেরালডিন ফেরারো ও সারাহ পলিন। তবে প্রেসিডেন্ট প্রার্থীরা জয়ী হতে না পারায় তারা ভাইস প্রেসিডেন্ট হতে পারেননি। তাই আগামী ৩ নভেম্বরের নির্বাচনে জো বাইডেন জিতলে ইতিহাস গড়বেন কমলা হ্যারিস। প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ এবং প্রথম এশিয়ান আমেরিকান ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি। ৫৫ বছর বয়সি কমলার বাবা জ্যামাইকান এবং মা ভারতীয় তামিল বংশোদ্ভূত।

গত মঙ্গলবার জো বাইডেন এক টুইট বার্তায় জানান, ‘কমলা হ্যারিস আমার মতো সাধারণ মানুষের পক্ষে একজন নির্ভীক যোদ্ধা এবং দেশের অন্যতম প্রধান জনসেবক। তাকে নির্বাচনি জুটি হিসেবে পেয়ে আমি সম্মানিত।’ কমলাও টুইট করে বলেন, ‘বাইডেন আমেরিকার জনগণকে ঐক্যবদ্ধ করতে পারবেন। তাকে কমান্ডার ইন চিফ করার জন্য যা করার আমি করব।’

কমলা হ্যারিসও ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে প্রাইমারিতে লড়েছিলেন। কিন্তু জো বাইডেন ও বার্নি স্যানডারস এগিয়ে থাকায় একপর্যায়ে তিনি নিজেকে প্রত্যাহার করে নেন। তিনি বাইডেনের প্রয়াত ছেলের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। সিনেটর হওয়ার আগে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের দায়িত্বও পালন করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের সিনেটে প্রতিনিধিত্বকারী দ্বিতীয় আফ্রিকান-আমেরিকান ও প্রথম দক্ষিণ এশীয়-আমেরিকান নারী তিনি। বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবারও ট্রাম্পের রানিং মেট। আগামী ৭ অক্টোবর মাইক পেন্সের সঙ্গে বিতর্কে মুখোমুখি হবেন কমলা হ্যারিস।

টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, কমলা হ্যারিসের জন্ম ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে। তার মা শ্যামলা গোপালান ছিলেন দক্ষিণ ভারতের তামিল। আর বাবা ডোনাল্ড হ্যারিস ছিলেন জ্যামাইকান। শ্যামলা গোপালান ছিলেন স্তন ক্যানসার গবেষক। ইউসি বার্কেলিতে অ্যান্ডোক্রিনোলজিতে ডক্টরেট করার জন্য ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রে গমন করেন তিনি। সেখানেই পরিচয় ডোনাল্ড হ্যারিসের সঙ্গে। অর্থনীতি নিয়ে পড়াশোনা করতেন ডোনাল্ড। এ দম্পতির দুই কন্যা সন্তানের একজন কমলা হ্যারিস ও অপর জন মায়া হ্যারিস। কমলা হ্যারিস নিজেকে কৃষ্ণাঙ্গ হিসেবে পরিচয় দিয়ে থাকলেও নিজের ভারতীয় শেকড়ের কথাও তুলে ধরেন তিনি। চেন্নাইয়ে নানার বাড়িতেও বেশ কয়েক বার তিনি সফর করেছেন।

এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমলা হ্যারিসকে রানিং মেট করার জন্য সমালোচনা করেছেন। যে কারণে অনেকেই প্রশ্ন করছেন, কেন হঠাত্ করে একজন কৃষ্ণাঙ্গ এশিয়ান-আমেরিকানকে রানিং মেট করলেন জো বাইডেন। সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে সিএনএন। সংবাদমাধ্যমটির এক নিবন্ধে বলা হয়েছে, এর কারণ হতে পারে যে, কমলা তার দলের প্রেসিডেন্ট প্রার্থী হতে লড়েছিলেন। এজন্য জাতীয় পর্যায়ে তিনি পরিচিত ও পরীক্ষিত মুখ। সরকার চালানোর ক্ষেত্রে তার অভিজ্ঞতা রয়েছে। তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং ২০১৭ সাল থেকে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। জো বাইডেনের বয়স ৭৮ হতে চলেছে। এ অবস্থায় ৫৫ বছর বয়সি কমলা তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করতে পারেন। বলা হচ্ছে, তাকে বেছে নেওয়ার ক্ষেত্রে এটি অন্যতম একটি কারণ। তাকে বেছে নেওয়ার ঘটনাও ঐতিহাসিক। তিনি কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশিয়ান আমেরিকান নারী। কমলা ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে এসেছেন। এ রাজ্য ভোটার ও দাতার হিসাবে ডেমোক্র্যাটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কমলা হ্যারিস বর্ণবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি পুলিশের সংস্কারের পক্ষে।

বলা হচ্ছে, এবারের মার্কিন নির্বাচনে এশিয়ান আমেরিকানদের ভোট গুরুত্বপূর্ণ। ভারতীয় বংশোদ্ভূত কমলাকে রানিং মেট করায় বাইডেন এশিয়ান ভোটারদের বেশি আকৃষ্ট করতে পারবেন বলেই মনে করা হচ্ছে। রানিং মেট ঘোষণা করার পর দিনই ডেলাওয়্যারের উইলমিংটন শহরে প্রথম প্রচারণা সভায় জো বাইডেনের সঙ্গে হাজির হন কমলা হ্যারিস। সেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর ভাষায় আক্রমণ করেন তিনি।

সাড়ে তিন বছরের ট্রাম্প প্রশাসন কী কী ভুল সিদ্ধান্ত নিয়েছে, তা তুলে ধরেন কমলা। প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, অযোগ্য কাউকে নির্বাচিত করলে, তার ফল এ রকমই হবে। এ সমাবেশের পর সিএনএনের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, কমলা দেখালেন কেন জো বাইডেন তাকে রানিং মেট করেছেন।