দিনব্যাপী নানা কর্মসূচিতে বরিশাল বিসিক শিল্পমালিক সমিতির জাতীয় শোক দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে শনিবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে বরিশাল বিসিক শিল্পমালিক সমিতি। দিনব্যাপী এ আয়োজনের মধ্যে কোরআন তেলাওয়াত, এতিমদের মধ্যে খাবার বিতরণ, বৃক্ষরোপণসহ আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যায় আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বরিশাল বিসিক শিল্পমালিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মালিক সমিতির প্রধান উপদেষ্টা বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আফজালুল করিম, শিল্পনগরীর উপমহাব্যবস্থাপক মো. জালিস মাহমুদ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা, শিল্পনগরী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে শিল্পমালিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এদিকে বিসিক শিল্পনগরীর বৃহত্ প্রতিষ্ঠান ফরচুন গ্রুপ অব কোম্পানিজের উদ্যোগে দিনব্যাপী ফ্যাক্টরিগুলোতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। শনিবার বাদ জোহর ফরচুন সুজ লিমিটেডের মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরচুন গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মিজানুর রহমানসহ ডাইরেক্টরবৃন্দ, প্রতিষ্ঠানের সিইও, সিওও, সিনিয়র ডিজিএম, সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।