স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ভিয়েলাটেক্স লিমিটেডের জন্য একটি লেটার অব ক্রেডিট (এলসি) কনটুর ব্লকচেইন নেটওয়ার্কের মাধ্যমে ইস্যু করে সফলভাবে দেশের প্রথম ব্লকচেইন লেনদেন সম্পন্ন করেছে।
দেশের অন্যতম তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ভিয়েলাটেক্স লিমিটেড টেক্সটাইল দ্রব্যাদি ভিয়েলাটেক্স স্পিনিং থেকে আমদানি করেছিল। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আবেদনকারীর জন্য ইস্যুয়িং ব্যাংক এবং একই সঙ্গে উক্ত এলসির বেনিফিশিয়ারি পক্ষের পরামর্শক ব্যাংক হিসেবে ভূমিকা পালন করেছে। আলোচ্য লেনদেনটি কাগজবিহীন ভাবে সম্পূর্ণভাবে কনটুরের নেটওয়ার্কের মাধ্যমে ডিজিটালি করা হয়। কনটুর একটি ডিস্ট্রিবিউটেড ট্রেড নেটওয়ার্ক যা রিয়াল টাইমে ট্রেড ডাটা তৈরি করার সঙ্গে সঙ্গে সেই ডাটা যে কোনো পরিবর্তনের পরিপ্রেক্ষিতে হালনাগাদ করতে সক্ষম—যার ফলে এই নেটওয়ার্কে ট্রেডের মূল উপাদানসমূহের মধ্যে অধিকতর সমন্বয় বজায় থাকে। আরথ্রির কর্ডা ব্লকচেইনের ওপর নির্মিত কনটুর তথ্য স্বচ্ছতার উন্নতি ঘটায়, প্রশাসনিক খরচ কমায় এবং বৈশ্বিক ট্রেড আরো মসৃণ করে—যা কিনা সবার জন্য সামগ্রিকভাবে ব্যয় হ্রাস করে এবং কার্যকারিতা বাড়ায়।
কনটুরের উদ্যোক্তা প্রতিষ্ঠানের একটি হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড কনটুরের নেটওয়ার্ক থেকে বেশ কিছু সুবিধা নিশ্চিত করেছে যেমন সহজতর এলসি প্রসেস করা, সেটেলমেন্টের সময় কমানো, ডিস্ক্রেপেন্সির তাত্ক্ষণিক সমাধান দেওয়া এবং স্যাংকশন স্ক্রিনিং আরো সরল করা।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয় বলেন, দেশের প্রথম ব্লকচেইন এনাবল করা লেটার অব ক্রেডিট চালু করার ক্ষেত্রে ভিয়েলাটেক্স গ্রুপের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের পার্টনার হতে পারা অত্যন্ত সম্মানের ব্যাপার বলে আমরা মনে করি। আজকের এই মাইলফলক ভবিষ্যতে এমন আরো অনেক উন্নত প্রযুক্তিনির্ভর লেনদেনের প্রথমটি। —প্রেস বিজ্ঞপ্তি