করোনায় চায়ের দাম ৪৭ শতাংশ কমেছে

গত বছর রেকর্ড পরিমাণ চা উত্পাদন করেছে বাংলাদেশ। চলতি বছর উত্পাদন অব্যাহত থাকলেও করোনা ভাইরাসের প্রভাবে কমে গেছে চায়ের বিক্রি। এতে করে গত বছরের তুলনায় চায়ের দাম কমেছে ৪৭ ভাগ। তাই ব্যাংক ঋণ পরিশোধ এবং চলতি মূলধন জোগানে চা-শিল্প কঠিন বাধার মুখে পড়েছ। এ সংকট থেকে উত্তরণে ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় সাড়ে ৪ শতাংশ সুদে এ শিল্পকেও চলতি মূলধন ঋণ দেওয়ার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।

চা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে (মে পর্যন্ত) উত্পাদন হয়েছে ১ কোটি ২৮ লাখ ৪৬ হাজার কেজি। গত বছর প্রথম পাঁচ মাসে উত্পাদন ছিল ১ কোটি ৬২ লাখ ৮১ হাজার কেজি। ২০১৯ সালে চা-শিল্পে ১৬৫ বছরের ইতিহাসের রেকর্ড ভেঙে দেশে সর্বোচ্চ উত্পাদন হয়।