আমাদের দেশে ট্রাফিক আইন থাকলেও এর যথাযথ প্রয়োগ হচ্ছে না, তেমনি জনগণও এ সম্পর্কে উদাসীন বা প্রচারহীনতার শিকার। ট্রাফিক আইন যথাযথভাবে লিখিত থাকলেও এর প্রয়োগ এবং চর্চা দুটোরই বেশ অভাব রয়েছে। উন্নত বিশ্বে ট্রাফিক আইন মেনে চলার জন্য রাস্তায় ট্রাফিক পুলিশ থাকে না। পথচারী এবং চালক নিজেই নিয়মবিধি জেনেই চলাচল ও ড্রাইভ করেন। তাই সেখানে দুর্ঘটনা অনেকাংশে কম। আমাদের দেশে ট্রাফিক পুলিশ ও ট্রাফিক আইন থেকেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না। ওভারব্রিজ, ফুটওভারব্রিজ ও জেব্রাক্রসিং সম্পর্কে সুস্পষ্ট ধারণার মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে। যানবাহন চালকদের জন্য ট্রাফিক আইন সম্পর্কিত ট্রেনিংয়ের ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। রাস্তায় ট্রাফিক পুলিশ না দিয়ে আইন মেনে চলা এবং আইন অপপ্রয়োগে শাস্তির ব্যবস্থা করলে যেমন দুর্ঘটনা কমবে, তেমনি অর্থ সাশ্রয়ও হবে। ঝরে পড়বে না অকালে কোনো জীবন, হাজারো স্বপ্ন। আসুন, আমরা ট্রাফিক আইন মেনে চলি। মনে রাখতে হবে—ঝরে যাওয়া জীবনগুলো আমাদের মা, বাবা, ভাই কিংবা বোন।
লাকি রাণী বিশ্বাস
প্রধানশিক্ষক, গরীবউলাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাউজান, চট্টগ্রাম