একজন মাধ্যমিক শিক্ষকের পড়ানোর দক্ষতা

বর্তমানে শুধু মাধ্যমিক পর্যায়েই নয় বরং প্রাথমিকেও বাংলা, গণিত ও ইংরেজি পড়ানোর জন্য আলাদা আলাদা শিক্ষকের প্রয়োজন হচ্ছে। অর্থাত্ যিনি ইংরেজির শিক্ষক, তিনি বাংলা, গণিত, বিজ্ঞান ইত্যাদি বিষয় পড়াতে পারছেন না। একইভাবে গণিতের শিক্ষক ইংরেজি, বাংলা পড়াতে পারেন না। আবার বিজ্ঞান ও ব্যবসাশিক্ষা শাখার শিক্ষক বাংলা ,ইংরেজি ও সাধারণ গণিত পড়াচ্ছেন না। এর ফলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে একদিন গণিত বা ইংরেজির শিক্ষক অনুপস্থিত থাকলে সেই ক্লাস নেওয়ার মতো বিকল্প কোনো শিক্ষক পাওয়া যায় না। একজন শিক্ষার্থী সকল বিষয়ে ভালো হলেই যেমন তাকে মেধাবী হিসেবে গণ্য করা হয়, তেমনি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অন্তত বাংলা, গণিত ও ইংরেজি এই তিনটি বিষয়ে দক্ষতা থাকলেই একজনকে দক্ষ ও ভালো শিক্ষক হিসেবে গণ্য করা উচিত। মানবিক, ব্যবসাশিক্ষা অথবা বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফল করে উচ্চশিক্ষা শেষ করে যদি শিক্ষকতা পেশায় আসেন, তখন অন্তত মাধ্যমিক পর্যায়ে তাঁদের পক্ষে বাংলা, গণিত ও ইংরেজি পড়াতে অসুবিধা হওয়ার কথা নয়। তবে বিজ্ঞানের বিষয় যেমন পদার্থ, রসায়ন, জীব, উচ্চতর গণিত এবং ব্যবসাশিক্ষা শাখার হিসাব বিজ্ঞান, ব্যাংকিং ইত্যাদি বিষয় পড়ানোর জন্য অবশ্যই নির্দিষ্ট বিভাগের শিক্ষকের প্রয়োজন হবে। তবে প্রত্যেক শিক্ষকের অবশ্যই বাংলা, গণিত ও ইংরেজি পড়ানোর দক্ষতা থাকতে হবে। মাধ্যমিক স্তরের অন্তত গণিত ও ইংরেজি বিষয় যিনি ভালোভাবে পড়াতে পারবেন, তাঁকেই ভালো শিক্ষক হিসেবে গণ্য করা উচিত। কাজেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অবশ্যই সতর্ক হতে হবে যাতে মেধাবীরা এই গুরুত্বপূর্ণ পেশায় আসতে পারেন।

বিপ্লব বিশ্বাস

গোয়ালচামট, ফরিদপুর