রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিবৃতি

মেজর সিনহা (অব.) নিহতের ঘটনা দুঃখজনক

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের নিহত হওয়ার ঘটনা দুঃখজনক বলে জানিয়েছেন বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেরার অ্যাসোসিয়েশন। গতকাল রবিবার অ্যাসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. ওয়ালিয়ার রহমান ও মহাসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে বলেন, দেশের জনসাধারণের মতো বাংলাদেশ পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনও এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জোর দাবি জানাচ্ছে। পুলিশ বাহিনীতে দীর্ঘদিন দায়িত্ব পালনের ফলে আমাদের কষ্টার্জিত অভিজ্ঞতার আলোকে আমরা বলতে চাই যে, তদন্তাধীন অবস্থায় কোনো মামলার বিষয় নিয়ে মন্তব্য করলে তা তদন্তকে প্রভাবিত করে থাকে, যা সুষ্ঠু তদন্তের অন্তরায়। তাই তদন্তকালে এ মন্তব্য থেকে বিরত থাকার জন্য এ সমিতি সকলকে আহ্বান জানাচ্ছে। 

বিবৃতিতে বলা হয়, দেশের গুরুত্বপূর্ণ দুটি পেশাদার বাহিনীকে মুখোমুখি দাঁড় করাবার চেষ্টায় যারা লিপ্ত তাদের মনে রাখা দরকার তারা বাহিনীদ্বয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশের ও জনগণের অব্যাহত অগ্রগতিকে থামিয়ে দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি লাভে অপচেষ্টায় লিপ্ত। এদের থেকে সকলকে সতর্ক থাকতে হবে।