কীর্তনখোলা নদীর খেয়া পারাপারের সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ফয়েজ মাহমুদের (৪০) অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার বরিশালের ধপধপিয়া সেতুসংলগ্ন নদী থেকে বরিশাল বন্দর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ফয়েজ মাহমুদ ওসমানগঞ্জ ইউনিয়নের সুলতান মাহমুদের ছেলে। বরিশাল বন্দর নৌ-পুলিশের পরিদর্শক আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল চরফ্যাশনের ওসমানগঞ্জ ইউনিয়নে তার লাশ দাফন করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, বরিশাল থেকে চিকিত্সা শেষে গত বুধবার খেয়ানৌকায় নদী পারাপার হওয়ার সময় বরিশালনগরী সংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। ঐ দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড সদস্যরা ফয়েজ মাহমুদকে উদ্ধার চেষ্টায় ব্যর্থ হন।
বরিশাল বন্দর নৌ-পুলিশের পরিদর্শক আল মামুন জানান, গতকাল কীর্তনখোলা নদীতে ফয়েজ মাহমুদের লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা খবর দিলে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।