মোংলা বন্দরে আমদানিনিষিদ্ধ চার কন্টেইনার পোস্তদানা (আফিম বীজ) জব্দের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মোংলা কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. এমদাদুল হক রবিবার বিকালে আমদানিকারক ঢাকার মেসার্স তাজ ট্রেডার্স ও মেসার্স আয়েশা ট্রেডার্সের নামে মামলা করেছেন। এদিকে কাস্টমস কর্তৃপক্ষের দায়ের করা এ মামলায় উত্থাপিত তথ্য উপাত্ত নিয়ে পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী।
মোংলা কাস্টমস হাউজ ও মোংলা থানা পুলিশ জানায়, গত ৯ আগস্ট মালয়েশিয়া থেকে মোংলা বন্দরে একটি বিদেশি জাহাজে করে আসা চারটি কন্টেইনারে ফুটবল, টেনিস বল ও স্নো-স্প্রে আনার ঘোষণা দিয়ে প্রতারণার মাধ্যমে ৬৮ হাজার ২৫৬ কেজি আমদানিনিষিদ্ধ পোস্তদানা আনে ঢাকার সোয়ারীঘাট এলাকার মেসার্স তাজ ট্রেডার্স ও চকবাজারের আয়েশা ট্রেডার্স নামক দুইটি প্রতিষ্ঠান। এ পণ্যের চালানটি বন্দরের জেটিতে পৌঁছানোর পর থেকেই আমদানিকারক প্রতিষ্ঠান দুটির কারো কোনো হদিস মিলছিল না। কাস্টমসের পক্ষ থেকে কয়েক দফায় যোগাযোগ করা হলেও আমদানিকারকদের সাড়া না পেয়ে শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার কাস্টমস কর্তৃপক্ষ কায়িক পরীক্ষা করে কন্টেইনার বোঝাই পোস্তদানার এ চালানটি জব্দ করে। এ পোস্তদানার মূল্য ১০ কোটি ৯২ লাখ ৮৮৬ টাকা।