মৃত্যু ও আক্রান্ত কমেছে

দেশে এক দিনে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্ত কমেছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। শনিবারের চেয়ে গতকাল দুই জন কম মারা গেছেন। ভাইরাসটিতে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৬৫৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ২ হাজার ২৪ জন। শনিবার আক্রান্ত হন ২ হাজার ৬৪৪ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ২ লাখ ৭৬ হাজার ৫৪৯। অর্থাত্ পৌনে ৩ লাখ ছাড়িয়েছে।

গতকাল রবিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাসবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮৭টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ৯ হাজার ৬৩৬টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১০ হাজার ১৮টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরো ১ হাজার ৩১৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন। ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিন জন, পঞ্চাশোর্ধ্ব নয় জন, ষাটোর্ধ্ব ১৯ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ১৪ জন, চট্টগ্রাম বিভাগের তিন জন, খুলনা বিভাগের দুই জন, রাজশাহী বিভাগের ছয় জন, সিলেট বিভাগের দুই জন, রংপুর বিভাগের দুই জন এবং বরিশাল বিভাগের ছিলেন তিন জন।