পঞ্চগড়ে নদীতে নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জে করতোয়া নদীতে নিখোঁজ হওয়া সৌরভ হোসেনের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের করতোয়া নদীর গোয়াল বৈরাগী ঘাট এলাকা থেকে ঐ কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা ঐ এলাকায় নদীর পানিতে লাশটি ভাসতে দেখে তার পরিবারের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তারসহ স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে নিয়ে আসে। সৌরভ দেবীগঞ্জ উপজেলা শহরের মিস্ত্রিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং দেবীগঞ্জ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।