যন্ত্রপাতি ও বই কেনায় প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও দুই ঠিকাদারের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়। মামলায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রকৃত দামের চেয়ে বেশি দাম দেখিয়ে বইপত্র কিনে সরকারের ১ কোটি ২৯ লাখ ৩৩ হাজার ১২ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দুদক সূত্র জানায়, দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক সহিদুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। ঐ মামলায় হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আবু সুফিয়ান এবং ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ঝরা এন্টারপ্রাইজের মালিক আফসানা ইসলাম কাকলীকে আসামি করা হয়েছে।
অন্যদিকে দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক ফেরদৌস রহমান বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় অধ্যক্ষ ডা. মো. আবু সুফিয়ানের সঙ্গে ঠিকাদার পুনম ট্রেড ইন্টারন্যাশনালের মালিক এস এম নজরুল ইসলাম নুতনকে আসামি করা হয়েছে।