যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যায় জড়িতদের শাস্তি দাবি

যশোরের শিশু উন্নয়ন সংশোধন কেন্দ্রে তিন কিশোরকে পিটিয়ে হত্যা ও ১৫ শিশুকে আহত করার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, শিশু আইনকে অগ্রাহ্য করে কিশোরদের প্রতি এ ধরনের বর্বর, মধ্যযুগীয় কায়দায় নির্যাতন অমানবিক। হাত পা গ্রিলে বেঁধে প্রহারে অজ্ঞান হয়ে পড়লে তাদের জ্ঞান ফিরিয়ে আবার প্রহার শুরু করা হয়। এ ধরনের নির্মমতা সভ্যসমাজে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাংলাদেশ মহিলা পরিষদ অবিলম্বে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এই ঘটনার সঙ্গে জড়িত সবাইর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিচার ও শাস্তির দাবি জানাচ্ছে। একই সঙ্গে আহতদের সুচিকিত্সার জন্য সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।