নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ (৭২) করোনায় আক্রান্ত হয়ে রবিবার (১৬ আগস্ট) রাতে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া নড়াইল-২ আসনের এমপি ক্রিকেটার মাশরাফি বিন মোর্তজা, নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, কলাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহমুদুল হাসান কায়েসসহ জেলা আওয়ামী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সদ্য প্রয়াত এই নেতার প্রতি গভীর শ্রদ্ধা, বিদেহী আত্মার শান্তি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
আরও পড়ুন: বৈচিত্র্যে বিচিত্র সাধনায় একাগ্র: নাজিয়া আন্দালীব প্রিমা
পারিবারিক সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ এ মাসের শুরুতে করোনায় আক্রান্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে গত ৮আগস্ট ঢাকার সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৯টা ২৫ মিনিটে তিনি মারা যান।
এদিকে সদ্য প্রয়াত নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদের স্মরণে সোমবার (১৭ আগস্ট) সকালে জেলা আইনজীবী সমিতি ভবনে এক শোক সভার আয়োজন করা হয় এবং জেলা ও দায়রা জজ আদালতে ফুল কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়।
পরে নড়াইল পৌর গোরস্থান চত্বরে জানাজা, রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার এবং নড়াইলের বঙ্গবন্ধু স্কোয়াডের সদস্যরা এদিন দুপুরে নড়াইল পৌর গোরস্থানে তাকে দাফন করেন।
ইত্তেফাক/এএএম