ঘরে রেস্তোরাঁর স্বাদ

ঘরে বসে পেতে পারেন রেস্তোরাঁর খাবারের স্বাদ। এমনই ৩টি মুখরোচক খাবারের রেসিপি নিয়ে এবারের আয়োজন

ভেজিটেবল সালাদ

 

উপকরণ :শসা কুচি আধা কাপ, গাজর কুচি আধা কাপ, পেঁপে কুচি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, সবুজ, হলুদ ও লাল ক্যাপসিকাম কুচি আধা কাপ, সিরকায় ভেজানো মিহি পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, সাদা সরিষা গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ (সবুজ) থেতো করা ১টি, লাল কাঁচা মরিচ থেতো ১টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, সালাদ ওয়েল ১ টেবিল চামচ, বিট লবণ আধা চা চামচ, লবণ পরিমাণমতো, সিরকা ১ টেবিল চামচ, চিনি সামান্য।

 

প্রণালি :সবরকম ভেজিটেবল জুলিয়ান কাট করে কেটে নিন। গাজর ও পেঁপে হালকা ভাপ দিয়ে নিন। লবণ ও বিট লবণ বাদে উপরের সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিন। পরিবেশনের সময় লবণ ও বিট লবণ মিশিয়ে পরিবেশন করুন।

 

বেকড পাস্তা

 

উপকরণ :পাস্তা ১ প্যাকেট (সিদ্ধ করা), চিংড়ি আধা কাপ, চিকেন কিউব আধা কাপ, অরিগোনা সিকি চা চামচ, হোয়াইট সস আধা কাপ, বেসেল লিফ ৪/৫টি, রসুন ছেঁচা ২ কোয়া, মাজরেলা চিজ আধা কাপ (গ্রেট করা), সাদা গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লাল, সবুজ বেল পেপার সিকি কাপ, লেবুর রস ১ চা চামচ, বাটার ২ টেবিল চামচ।

 

প্রণালি :চিংড়ি ও চিকেন সামান্য আদার রস দিয়ে সিদ্ধ করে নিন। এবার প্যানে বাটার দিয়ে রসুন দিন। তারপর বেল পেপার কুচি, চিকেন ও চিংড়ি দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করা পাস্তা দিন। এবার অরিগোনা, লবণ, গোলমরিচ গুঁড়া, বেসেল লিফ ও হোয়াইট দিয়ে নেড়ে নামিয়ে নিন। এবার একটা বেকিং ডিশে ঢেলে উপরে গ্রেট করা চিজ দিন। এবার মাইক্রো ওভেনে ১০০% হাইতে ৪/৫ মিনিট বেক করুন। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

 

হট স্পাইসি চিকেন উইংস্

 

উপকরণ :মুরগির পাখা ১০/১২টি, সয়াসস ১ টেবিল চামচ, ওয়েস্টার সস ১ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ২ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, চিলিফ্লেক্স আধা চা চামচ, টমেটো কেচাপ আধা কাপ, হট চিলি সস ৪ টেবিল চামচ, টেম্পুরা পাউডার ১ কাপ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, তেল পরিমাণমতো, রসুন কুচি ১ চা চামচ, লবণ পরিমাণমতো, চিনি আধা চা চামচ, বাটার ২ টেবিল চামচ।

 

প্রণালি :মুরগির পাখা ভালো করে পরিষ্কার করে ধুয়ে এতে আদা ও রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, লবণ সয়াসস ও ওয়েস্টার সস দিয়ে ভালো করে মেখে ১ ঘণ্টা মেরিনেট করুন। এবার টেম্পুরা পাউডারে গড়িয়ে ফ্রিজে রেখে আধা ঘণ্টা পর ডুবো তেলে ভেজে নিন। তারপর অন্য একটি প্যানে বাটার দিয়ে গরম হলে রসুন কুচি দিন। তারপর সব রকম সস দিয়ে আধা কাপ পানিতে কর্নফ্লাওয়ার গুলে ঢেলে দিন। এবার চিলি ফ্লেক্স, চিনি, লবণ দিয়ে নেড়ে ফুটে উঠলে ভাজা চিকেন উইংসগুলো ঢেলে ২/৩ মিনিট পর নামিয়ে পরিবেশন পাত্রে ঢেলে দিন।