ছোট যমুনার বেড়িবাঁধ হুমকির মুখে

বদলগাছীতে ছোট যমুনা নদীর বেড়িবাঁধ হুমকিতে রয়েছে। এতে আতঙ্কিত  হয়ে পড়েছে এলাকাবাসী।

উপজেলার কদমগাছী গ্রামের আকবর হোসেন, আবুল কালাম ও শিক্ষক সিরাজুল ইসলাম জানান, অতিরিক্ত বৃষ্টিতে ছোট যমুনার পানি বেড়ে ভাঙন হুমকিতে পড়েছে বাঁধটি। দ্রুত এটি রক্ষা না করলে উপজেলার ৩-৪টি ইউনিয়নের গ্রাম ও ফসল তলিয়ে যাবে। বর্তমানে নদীর পানি কমতে শুরু করার পরপরই প্রায় ১ হাজার মিটার এলাকা জুড়ে নদীর তীব্র ভাঙন সৃষ্টি হয়। গত ১৪-১৫ দিনের ব্যবধানে প্রায় ৫০০ ফিট জায়গা, জমি ও পাঁচ-ছয়টি বাঁশঝাড় ভেঙে নদীগর্ভে চলে যায়।

উপজেলার মথুরাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুকবুল হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিল্টন বলেন, বেড়িবাঁধটি হুমকিতে থাকার বিষয়ে একাধিকবার পানি উন্নয়ন বোর্ডে জানানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এখন বাঁধের কিছু অংশ ভেঙে পড়ায় এলাকাসীর সহযোগিতা নিয়ে ভাঙন থেকে রক্ষার চেষ্টা করছি।

এদিকে সোমবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কর্মকর্তা মো. সাহাদত হোসেন মাফজোখ করছেন। এ সময় তিনি বলেন, স্যার পরিদর্শনের জন্য পাঠিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবু তাহির বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সঙ্গে সঙ্গে পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেছি।

নওগাঁ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শনের জন্য উপসহকারী কর্মকর্তা সাহাদত হোসেনকে পাঠিয়েছি। তিনি এসে রিপোর্ট দেওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।