রংপুর বিভাগের আট জেলায় আরো ১৪৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সোমবার পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁঁড়িয়েছে ৮ হাজার ৪৯২ জনে। গত ২৪ ঘণ্টায় আরো তিন জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা ১৪০ জনে পৌঁছেছে। সোমবার সকাল ৮টায় রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আমিন আহাম্মদ খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানা যায়, রংপুর বিভাগের ৮ জেলায় নতুন আক্রান্তের মধ্যে কুড়িগ্রামে ৪৪, দিনাজপুুরে ২৭, গাইবান্ধায় ২৪, রংপুরে ১৮, নীলফামারীতে ১০, লালমনিরহাটে ১০, ঠাকুরগাঁওয়ে ৯ এবং পঞ্চগড়ে সাত জন করোনায় আক্রান্ত হয়েছে। এদিকে করোনা সন্দেহে এই বিভাগে গত ২৪ ঘণ্টায় আরো ২৮৭ জনসহ হোম কোয়ারেন্টাইনে রাখা মোট সংখ্যা দাঁড়াল ৬৭ হাজার ৮৬৫ জন। একই সময়ে রংপুর বিভাগে ৩১৩ জনসহ মোট ৬২ হাজার ৫৮৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এসব জেলা থেকে এ পর্যন্ত ৬ হাজার ৮২ জন রোগী সুস্থ হয়েছেন।