গাংনীতে নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

গাংনীর মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের এক দিন পর তামিম আহমেদ (১০) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার বিকাল ৪টায় উপজেলার মাথাভাঙ্গা নদীর ওপর নির্মাণাধীন বেতবাড়িয়া-মধুগাড়ি ব্রিজের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে কাজীপুর বুড়িপুতা এলাকার কাবের উদ্দীনের ছেলে। বামুন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইছাহাক আলী জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ প্রায় ১০ ঘণ্টা সন্ধান করার পর মাথাভাঙ্গা নদীর ওপর নির্মাণাধীন বেতবাড়িয়া-মধুগাড়ি ব্রিজের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করে। প্রসঙ্গত, রবিবার দুপুর ২টায় উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে।