গোদাগাড়ীতে জেলের মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার হরিশংকরপুর এলাকার পদ্মা নদী থেকে শরিফুল ইসলাম (১৯) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তিনি গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নের ভাটোপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। এর আগে রোববার দিবাগত রাতে বেশ কয়েকজনের একটি দলের সঙ্গে নৌকায় মাছ ধরতে গিয়েছিলেন তিনি। একপর্যায়ে নৌকা থেকে পড়ে তিনি নিখোঁজ হন। গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ঐ পুলিশ কর্মকর্তা।