চীনে প্রথম করোনা টিকার পেটেন্ট পেল ক্যানসিনো

চীনা ভ্যাকসিন কোম্পানি ক্যানসিনো বায়োলজিকস ইনকরপোরেটেড তাদের কোভিড-১৯ টিকা এডিফাইভ-এনকোভের জন্য বেইজিংয়ের কাছ থেকে একটি পেটেন্ট অনুমোদন পেয়েছে। দেশটির মেধাসম্পদ দপ্তরের নথির উদ্ধৃতি দিয়ে চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম পিপলস ডেইলি সংবাদপত্র এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।

চীনের পিপলস ডেইলি রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে, এই প্রথম চীনের পক্ষ থেকে কোনো কোভিড-১৯ টিকার পেটেন্ট অনুমোদন দেওয়া হলো। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, চীনের ন্যাশনাল ইনটেলেকচুয়াল প্রপার্টি অ্যাডমিনিস্ট্রেশন যে ডকুমেন্ট অনুমোদন দিয়েছে, এতে ১১ আগস্ট টিকার পেটেন্ট অনুমোদন দেওয়ার কথা বলা হয়েছে। চলতি মাসে সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়, তারা চীনের ক্যানসিনোর টিকার তৃতীয় ধাপের পরীক্ষা শুরুর পরিকল্পনা করছে। ক্যানসিনো বলছে, তারা টিকার তৃতীয় ধাপের পরীক্ষার জন্য রাশিয়া, ব্রাজিল ও চিলির মতো দেশগুলোর সঙ্গে আলোচনা করছে। রয়টার্সের খবরে জানানো হয়, হংকংয়ে ক্যানসিনোর শেয়ারের দাম সোমবার সকালে ১৪ শতাংশ বেড়েছে।