বঙ্গোপসাগরে ৩৫ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

বঙ্গোপসাগরে বিকল হওয়া ইঞ্জিনচালিত নৌকা থেকে ৩৫ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার সকাল ৮টায় কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ জাহাজ বিসিজি সবুজবাংলা বঙ্গোপসাগরে টহলরত অবস্থায় জানতে পারে, একটি মাছ ধরার নৌকা (দয়াল নবীজি-১) বঙ্গোপসাগরের ভাষাণচরের অদূরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছে।

খবর পেয়ে জাহাজ বিসিজি সবুজবাংলা দ্রুত উদ্ধারের জন্য রওনা দেয়। বেলা সাড়ে ১১টার দিকে ভাষাণচরের ১০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে নৌকাটিকে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে ঐ নৌকা থেকে ৩৫ জেলেকে নৌকাসহ উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের নৌকাসহ কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গায় নেওয়া হয়। জেলেরা জানান, গত ১২ আগস্ট মাছ ধরার উদ্দেশে সাগরে রওনা দেয়। ঐ দিন নৌকার ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা নৌকাসহ সাগরে ভাসতে থাকে।