কাউন্সিলর নিয়ে অনিয়মের অভিযোগ

বাফুফের নির্বাচন আগামী ৩ অক্টোবর। তার আগে আরো একবার কাউন্সিলর মনোনয়ন নিয়ে অনিয়মের অভিযোগ তুলেছেন বাংলাদেশ ক্লাবস অ্যাসোসিয়েশনের সভাপতি তরফদার রুহুল আমিন। তার দাবি, ভোটার তালিকায় অনিয়ম হয়েছে। সেই সঙ্গে এ বিষয়টি সমাধান করার পাশাপাশি তপশিল ঘোষণার দাবি জানান তিনি। নির্বাচনের যাবতীয় কার্যক্রম নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়ার কথা বলেন তরফদার রুহুল আমিন। একটি নিরপেক্ষ, স্বচ্ছ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানান তিনি। তিন জন ভোটার নিয়ে তার আপত্তি। ঢাকা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, নবাবপুর ক্রীড়া চক্র ও দ্য মুসলিম ইনস্টিটিউট—এখান থেকে যাদের ডেলিগেট হওয়ার কথা, তাদের না দিয়ে ভিন্ন ব্যক্তিদের ডেলিগেট করেছে বাফুফে। গতকাল দুপুরে মহাখালীতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সমাধান না হলে আমরা ফিফার কাছে নালিশ করব। ইতিমধ্যে আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলেছি।’