অনূর্ধ্ব-১৯ দল গঠন

প্রথম ধাপের পরীক্ষায় সবাই নেগেটিভ

নতুন অনূর্ধ্ব-১৯ দল গঠনের জন্য সাধারণত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি ট্রায়াল টুর্নামেন্ট আয়োজন করে চারটি জোনের মধ্যে। কিন্তু করোনা ভাইরাস মহামারির এই সময়ে সে টুর্নামেন্ট আয়োজন করা যায়নি বলে ট্রায়ালে ডাকা হয়েছে ৪৫ জন ক্রিকেটারকে। আর সেই ট্রায়ালের শুরুতে সবার করোনা পরীক্ষা করানো হচ্ছে। তারই প্রথম ধাপে ১৫ জন ক্রিকেটার ও ১২ জন সাপোর্ট স্ট্যাফকে পরীক্ষা করা হয়েছিল। তাতে সবার ফলাফল নেগেটিভ এসেছে।

গতকাল এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ কায়সার। তিনি বলেছেন, এই ২৫ জনকেই এরই মধ্যে বিকেএসপিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, ‘আমরা আজই (গতকাল) ওদের রিপোর্ট পেয়েছি। ১৫ জন ক্রিকেটারসহ ২৭ জনের পরীক্ষা হয়েছিল। সবার ফল নেগেটিভ এসেছে। ওদের বিকেএসপিতে পাঠানো হয়েছে।’

এই ধারাবাহিকতায় আজ আরো ১৫ জন ক্রিকেটারের পরীক্ষা করানো হবে। বৃহস্পতিবার ১৫ জন ক্রিকেটারসহ প্রায় ২০ জনের পরীক্ষা করানো হবে। যাদের ফলাফল নেগেটিভ আসবে, তাদের বিকেএসপিতে পাঠানো হবে।

বিকেএসপিতে চার সপ্তাহের একটি ক্যাম্প হবে। ২৩ আগস্ট থেকে শুরু হবে এ ক্যাম্প। যেখানে ফিটনেস ট্রেনিং করবেন এরা শুরুতে। সেখানে পরস্পরের বিপক্ষে কিছু ম্যাচও খেলবেন এই ক্রিকেটাররা। আর এর ভেতর থেকে বেছে নেওয়া হবে ২৫ থেকে ৩০ সদস্যের একটি দল।