সিএসএ সভাপতির পদত্যাগ

ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন ক্রিস নেনজানি। মেয়াদ শেষ হওয়ার ২২ দিন আগেই তিনি সরে দাঁড়ান। ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে তিনি সিএসএর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আগামী ৫ সেপ্টেম্বরে বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক পদত্যাগের কথা থাকলেও তিনি আগেই সরে গেলেন। আসন্ন সেই বৈঠকেই সংস্থাটির নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে। এক বিবৃতিতে সিএসএ বলেন, ‘ক্রিস নেনজানি ক্রিকেট সাউথ আফ্রিকার একজন নিষ্ঠাবান ও অনুগত কর্মী ছিলেন। দেশের ক্রিকেটে তার অবদান স্মরণীয় হয়ে রয়েছে। আমরা তার সুন্দর ভবিষ্যত্ কামনা করি।’ এদিকে, সিএসএর চিফ অপারেশন্স অফিসার নাসেই আপিয়াহকে শৃঙ্খলাভঙ্গের কারণে বরখাস্ত করা হয়েছে।