১ কোটি গাছের চারা লাগানো প্রসঙ্গে

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিক উদ্যাপন উপলক্ষ্যে সরকার এক কোটি গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে। পরিবেশের জন্য এমন উদ্যোগ খুব প্রয়োজন ছিল। প্রশ্ন হলো, এই শুভ উদ্যোগ কতোটা সফলভাবে বাস্তিবায়িত হবে? আবার কোথায় কোন গাছের চারা লাগানো যাবে বা যাবে না, সেটাও বিবেচ্য বিষয়। গাছের পরিচর্যার বিষয়ও আছে। যেমন কৃষ্ণচূড়াগাছ সড়ক বিভাজনে বা দুপাশে লাগানো যায় না। ডালপালা ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটায়। তাই পরিকল্পনা বাস্তবায়নে বৃক্ষবিশারদদের রাখতে হবে। স্কুল-কলেজ-ভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রীদের জড়িত করতে হবে। কর্মসূচি গ্রহণ আর বাস্তবায়ন এক নয়। ভালো কর্মসূচিও সুফল না দিতে পারে, যদি না যথাযথভাবে তা করা হয়। সংশ্লিষ্টদের এই কর্মসূচির সঠিক তথ্য সংবাদ মাধ্যমকে দিতে হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা প্রয়োজন। তাহলে এই মহত্ কর্মসূচি সফলতার মুখ দেখবে।

মুহাম্মদ শফিকুর রহমান

বনানী, ঢাকা