বিউটি পার্লার ব্যবসায়ের আড়ালে বিপুল ভ্যাট ফাঁকির অভিযোগ দীর্ঘদিনের। সর্বশেষ রাজধানীর গুলশানে নামকরা কয়েকটি বিউটি পার্লারে অভিযান চালিয়ে ভ্যাট গোয়েন্দা বিভাগ বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির প্রমাণ পেয়েছে। ভ্যাট গোয়েন্দা বিভাগ সূত্র জানিয়েছে, গুলশানের দ্য জাভেদ হাবীব বিউটি পার্লার, জাহিদ খান ব্রাইডাল মেকওভার ও ব্রাইডাল স্টুডিও এবং এ্যারোমা থাই স্পা তে অভিযান চালানোর পর প্রতিষ্ঠানগুলোর প্রায় ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকির তথ্য মিলেছে। বাড়ি ভাড়ার তথ্য গোপন করা, ক্রেতাকে ভুয়া ভ্যাট চালান ইস্যু করা, বিক্রির প্রকৃত তথ্য গোপন করা, মাসিক রিটার্নে তার প্রকৃত বিক্রয় তথ্য গোপন করার মাধ্যমে এসব ভ্যাট ফাঁকি দেওয়া হয় বলে সূত্র জানিয়েছে। সূত্র জানায়, এর মধ্যে জাভেদ হাবীব ১ কোটি ৬০ লাখ, জাহিদ খান ব্রাইডাল মেকওভার ও ব্রাইডাল স্টুডিও ৫০ লাখ এবং এ্যারোমা থাই স্পার ৭০ লাখ টাকার ফাঁকি উদ্ঘাটন করা হয়েছে। ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানগুলো পুরোনো ভ্যাট নিবন্ধন ব্যবহার করছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।