বৌদ্ধধর্মাবলম্বীদের কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ‘প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দানোত্সব’ উদ্যাপন করতে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ১ কোটি টাকা অনুদান দিয়েছেন। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ অনুদান দেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, অসম্প্রদায়িক চেতনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিতভাবে সব ধর্মাবলম্বীদের সহযোগিতা করেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী এ অনুদান দেন, যাতে বৌদ্ধধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উত্সবটি ভালোভাবে উদ্যাপন করতে পারেন।

আগামী ১ অক্টোবর বৃহস্পতিবার বৌদ্ধ সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উত্সব শুভ প্রবারণা পূর্ণিমা উদ্যাপিত হবে। দেশের প্রতিটি বৌদ্ধ বিহার, মন্দির, ক্যাং, চৈত্য ও প্যাগোডায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে দিবসটি উদ্যাপন করা হবে। দিবসটিতে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বৌদ্ধধর্মাবলম্বীরা তাদের উপাসনালয়গুলোতে বিশেষ প্রার্থনা করেন।