মাগুরায় সীমানা নিয়ে বিরোধ নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

মাগুরার মহম্মদপুরে কবরস্থানের সীমানা নির্ধারণের বিরোধ নিয়ে মাসুদ শেখ (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। আজ সোমবার সন্ধ্যা ৭টায় উপজেলার বিনোদপুর ইউনিয়নের পিয়াদা পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ইসমাইল শেখের পুত্র এবং পেশায় একজন ভ্যান চালক।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, কবরস্থানের সীমানা নির্ধারণের বিরোধ নিয়ে মহম্মদপুর উপজেলার  পেয়াদাপাড়ার গ্রাম্য মাতবর নুরু মিয়া ও একই গ্রামের অপর মাতবর কালাম হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য মহম্মদপুর উপজেলা প্রশাসন ও মহম্মদপুর থানা পুলিশ একাধিক বার দু’গ্রপের মধ্যে সমঝোতা চেষ্টা করেছে। এরই এক পর্যায়ে আজ সন্ধ্যা ৭টার দিকে কালাম হোসেনের সমর্থকরা নুরু মিায়ার সমর্থক মাসুদ শেখকে বাড়ি থেকে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে জরুরী বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে এলাকায় অভিযান চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইত্তেফাক/এমআর