ইসলাম বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা সংবিধানে অন্তর্ভুক্তির নির্দেশনা চেয়ে সরকারকে নোটিশ

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম মুছে দিয়ে ধর্মনিরপেক্ষতা শব্দটি অন্তর্ভুক্তির দাবিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান থেকে বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা লেখা শুরু করতে হবে। অন্যথায় অসাম্প্রদায়িক জনগণের পক্ষে হাইকোর্টে রিট করা হবে। গতকাল সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মন্ত্রিপরিষদ সচিব, আইনসচিব, স্বরাষ্ট্রসচিবসহ ১০ জনকে ডাকযোগে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ।

নোটিশে বলা হয়েছে, ১৯৪৭ সালের পর পশ্চিম পাকিস্তানিদের শোষণ, নির্যাতন ও বেআইনি কার্যকলাপের প্রতিবাদে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্য নাগরিকেরা এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ভারত, রাশিয়াসহ অন্যান্য দেশের সার্বিক সহযোগিতায় স্বাধীনতা অর্জন করে। আমাদের ১৯৭২ সালের সংবিধানে স্বাধীনতার চেতনাসহ রাষ্ট্র পরিচালনায় মূলনীতি ছিল জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৭২ সালের সংবিধানের মূলনীতিসমূহ পরিবর্তন করা হয়, যা স্বাধীন বাংলাদেশের বুদ্ধিজীবী সম্প্রদায় ও সংখ্যালঘু জনগণ মনে-প্রাণে গ্রহণ করেনি। সংবিধানের ২ক অনুচ্ছেদে রাষ্ট্রধর্ম সংযোজনের ফলে অসাম্প্রদায়িক বাংলাদেশ এখন সাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত হয়েছে।