হাসপাতালে র্যাবের অভিযান বন্ধের আহ্বান

স্বাস্থ্য খাতের পেশাজীবী নেতৃবৃন্দরা বেসরকারি হাসপাতালে র্যাবের অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। এটি করা না হলে কঠোর কর্মসূচির সিদ্ধান্তে যাবেন বলে জানিয়েছেন তারা। সম্প্রতি স্বাস্থ্য খাতের পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ রাজধানীতে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। বিএমএ কর্তৃপক্ষ এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় বলা হয়, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলো দিনরাত পরিশ্রম করে নিরলসভাবে করোনা আক্রান্ত রোগীদের চিকিত্সা দিয়ে আসছে। বর্তমানে দেশের সব হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি আছে। এই সময়ে হয়রানিমূলক এসব কর্মকাণ্ড এই খাতকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে। এতে হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের মাঝে চাপা অসন্তোষ সৃষ্টি হচ্ছে। তাই পেশাজীবী নেতৃবৃন্দ অবিলম্বে এসব বন্ধের জন্য সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। কোনো হাসপাতালের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রচলিত আইনে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি করেন তারা। স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়া অন্য মন্ত্রণালয়ের এজেন্সির হস্তক্ষেপ আইনসিদ্ধ নয় বলেও তারা মনে করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্সে বিশেষজ্ঞ চিকিত্সক প্রতিনিধি নেওয়ারও জোর দাবি তাদের।

বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)র সভাপতি এম এ মুবিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জামাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিব) সভাপতি ডা. ইকবাল আর্সেনাল, বিপিএমসিএর উপদেষ্টা, ডা. মো. এনামুর রহমান (সংসদ সদস্য), বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়গনষ্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মনিরুজ্জামান, বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল চৌধুরী, বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়গনষ্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. মাঈনুল আহসান, স্বাচিপের মহাসচিব ডা. আজিজ, বিপিএমসিএর সাধারণ সম্পাদক ড. আনোয়ার হোসেন খান (সংসদ সদস্য), যুগ্ম সম্পাদক প্রীতি চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল হক, উপদেষ্টা ডা. মো. মোস্তাফিজুুর রহমান ও ডা. মো. মোয়াজ্জেম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি