মুক্তির মেয়াদ বাড়াতে খালেদা জিয়াকে ফের আবেদন করতে হবে -------- অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাহী আদেশে মুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে। এখন মেয়াদ বাড়াতে ফের সরকারের কাছে তাকে আবেদন করতে হবে। গতকাল সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, যেহেতু সরকারের নির্বাহী আদেশে তাকে আপাতত মুক্তি দেওয়া হয়েছে, মুক্তি বলব না বাইরে থাকার অনুমতি দেওয়া হয়েছে। সুতরাং এই সময়টা পার হলে সরকারের কাছে তাকে আবেদন করতে হবে। এখানে আদালতের কোনো বিষয় জড়িত নয়।

প্রসঙ্গত পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে ছয় মাসের জন্য খালেদা জিয়াকে মুক্তি দেন। দুইটি দুর্নীতির মামলায় তিনি ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত।