কমিশন গঠন করে সরকারিভাবে ১৫ আগস্টের নেপথ্য কুশীলবদের নাম লিপিবদ্ধ করে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে তার আদর্শকে হত্যা করতে চেয়েছিল দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা। সেই ষড়যন্ত্রকারীরা এখনো তত্পর রয়েছে। তাদের অনেকের চেহারা কথাবার্তা ও কর্মকাণ্ডের মাধ্যমে জাতির সামনে উন্মোচিত হয়েছে। এখন তাদের নাম লিপিবদ্ধ করতে হবে। গতকাল সোমবার রাজধানীতে ‘জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
ড. রাজ্জাক বলেন, মুক্তিযুদ্ধের সময় যে কায়দায় এরা হত্যাকাণ্ড ও নির্যাতন চালিয়েছিল ঠিক একই কায়দায়, দিবালোকে ২১ আগস্টে গ্রেনেড হামলা করেছে। তিনি বলেন, ১৫ই আগস্ট এবং ২১ আগস্টে গ্রেনেড হামলা একই সূত্রে গাঁথা। বিশেষ অতিথির বক্তব্যে কৃষি সচিব মো. নাসিরুজ্জামান বলেন, এখনো যারা ১৫ আগস্টে আনন্দ-উল্লাস করে তাদের উদ্দেশ্য কী, তাদের পেছনে কে আছে—তা খতিয়ে দেখতে হবে। বিদেশে পালিয়ে থাকা আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজা বাস্তবায়নের পাশাপাশি ১৫ আগস্টের পৈশাচিক নির্মম হত্যাকাণ্ডের পেছনের কুশীলবদের খুঁজে বের করা প্রয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএডিসির চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম।