সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবির বিমানবন্দর থেকে ফেরত পাঠানো বাংলাদেশি প্রবাসী কর্মীরা ঢাকায় নেমে বিক্ষোভ করেছেন। গতকাল সোমবার সকালে বিক্ষোভের সময় তারা হয়রানির প্রতিবাদ জানান এবং আবুধাবিতে পাঠানোর দাবিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রবিবার আবুধাবিতে যাওয়ার পর বিমানবন্দরে ৬৮ প্রবাসীকে আটকে দেওয়া হয়। তাদের ইমিগ্রেশন না করিয়েই বিমানের ফিরতি ফ্লাইটে ঢাকায় ফেরত পাঠানো হয়। তারা যেসব কোম্পানি বা এজেন্সির মাধ্যমে আবুধাবি গিয়েছিলেন, সেসব প্রতিষ্ঠানের অনুমোদনও বাতিল করে দেয় দেশটির সরকার। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনের সামনে ৬৮ প্রবাসী কর্মী বিক্ষোভ শুরু করেন। গত দুই দিনে মোট ১৩২ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে।
এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং এয়ার এরাবিয়ার ফ্লাইটে প্রবাসী কর্মীর আবুধাবি থেকে ফেরত আসার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রকৃত কারণ অনুসন্ধানপূর্বক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পেশ করবে। ঐ প্রতিবেদনের আলোকে ফেরত আসা যাত্রীদের পুনরায় সংশ্লিষ্ট এয়ারলাইন্স কিংবা সরকারি ব্যবস্থাপনায় গন্তব্য দেশে প্রেরণের উদ্যোগ নেওয়া হবে।