জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা নায়কদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি আয়োজিত এক সমাবেশে এই আহ্বান জানানো হয়। এ সময় অবিলম্বে জাতির পিতার খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবিও জানানো হয়।
সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আমিনউদ্দিন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ভার্চুয়ালি একাত্মতা প্রকাশ করেন। বক্তব্য রাখেন কমিটির যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন, এম এ জলিল, সদস্যসচিব মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মো. ফজলে আলী, সাংবাদিক বাসুদেব ধর, নির্মল চ্যাটার্জি, নির্মল রোজারিও, অধ্যাপক সাদিয়া শারমিন, মতিলাল রায় ও মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ডের আশরাফ আহমদ।